ফেনীতে কভার্ডভ্যানে পেট্রোল বোমা, হেলপার দগ্ধ
ফেনী সদরে পেট্রোল বোমার আগুনে এক কভার্ডভ্যান চালকের সহাকারী দগ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ হামলায় দগ্ধ হন বাচ্চু হওলাদার (২৮)।
ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
আহত বাচ্চু জানান, ঢাকা থেকে শিপমেন্টের মালামালসহ একটি কর্ভাডভ্যান সকালে চট্টগ্রাম যাওয়ার পথে মহাসড়কের রামপুর এলাকায় দুর্বত্তরা পেট্রোল বোমা মারে।
এতে তিনি (বাচ্চু হাওলাদার) দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
বাচ্চু ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পটিয়াখালী গ্রামের ছহমদ হাওলাদারের ছেলে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, আগুনে বাচ্চুর মুখ ও দুই হাত ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, কভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে আটক করেত পারেনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
