২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে ট্রেনে পেট্রলবোমার ঘটনায় মামলা

অবরোধ-হরতালের মধ্যে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে পেট্রোল বোমা হামলার একদিন পর ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, মঙ্গলবার ‘জামালপুর কমিউটার এক্সপ্রেস’ নামের ওই ট্রেনের গার্ড বি কে কর্মকার বাদী হয়ে ১৫-১৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলাটি করেন।

এদিকে, ওই ট্রেনে পেট্রোল বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে ৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহসীন-উল কাদির।   

এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনে পেট্রোল বোমা হামলাসহ বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে ১৫ জনকে আটক করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার রাতে নাশকতার পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে কালিয়াকৈর থেকে দুই জন, টঙ্গী থেকে পাঁজন, কালীগঞ্জ থেকে দুইজন এবং শ্রীপুর থেকে ছয় জনকে ২০দলীয় জোটের নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানান।  

গত ২ ফেব্রুয়ারি বিকেলে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালের কাছে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটিতে হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে কয়েকজন ট্রেনের ইঞ্জিনলক্ষ্য করে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে দুইজন দগ্ধ হন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নামার সময় আহত হন আরও দুই যাত্রী।