রাজধানীতে নাশকতায় গ্রেপ্তার ২৭
রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।
৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এর মধ্যে কয়েক দফায় ডাকা হরতালের মধ্যে সহিংসতায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।
সোমবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগের দিন ধরা হয় ২৬ নেতাকর্মীকে।
নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
