২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সমাবর্তন বর্জনের ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

নিজেদের মতামত না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 11:32 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন একটি সার্বজনীন অনুষ্ঠান। সকলেই আশা করেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সুসম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

“অত্যন্ত পরিতাপের বিষয় ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনের জন্য এরূপ কোনো প্রকার আলোচনার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরপরও আমরা শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনার কথা বিবেচনা করে সমাবর্তন অনুষ্ঠানে সকল সহযোগিতা অব্যাহত রেখে অংশগ্রহণের আশা পোষণ করছিলাম।”

এছাড়া বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিও সমার্বতন অনুষ্ঠানের জন্য অনুকূল নয় বলে দাবি করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে, আসন্ন সমাবর্তনে এমন কয়েকজন উপস্থিত থাকবেন যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের উপর চলমান নির্যাতন-নিপীড়নে ভূমিকা রেখেই চলেছেন। এমতাবস্থায় আমরা সমাবর্তন বর্জন করতে বাধ্য হচ্ছি।”

সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান, ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর ও অধ্যাপক শামীমা সুলতানাসহ ৯১ জন শিক্ষক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।