চট্টগ্রামে চালবোঝাই ট্রাকে পেট্রোল বোমা
চট্টগ্রামের একটি চালবোঝাই ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলি থানার হাজী ক্যাম্পের সামনের ঘটনায় তেমন ক্ষতি হয়নি; কেউ হতাহতও হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি চালবাহী ট্রাক পাহাড়তলী চাল বাজারে প্রবেশের সময় অন্ধকার গলি থেকে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে।
“এতে ট্রাকের পেছন দিকের একটি বস্তা পুড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। তাই আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
