২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার্থী দিয়ে মানববন্ধন করে লাভ নেই’

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ২০০ শিক্ষার্থী দিয়ে মানববন্ধন করলে হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক নেতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক মানববন্ধনে ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. মাসুদুল হাসান খান মুক্তার এ কথা বলেন।

‘গণতন্ত্র পুনরুদ্ধার, দেশব্যাপী বিরোধী নেতা-কর্মীদেরকে গুম, খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তার’ বন্ধসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে ফোরাম মানববন্ধন করে।

মাসুদুল হাসান বলেন, বিএনপি যদি ঢাকা শহরে ২০ লাখ নেতাকর্মী নিয়ে মানববন্ধন করে তাহলে কি প্রধানমন্ত্রী অতিসত্বর নির্বাচন দেবেন?

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সরকার ৫ ফেব্রুয়ারির আগে কথা দিয়েছিল সংবিধান রক্ষা করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেবে।

কিন্তু তারা সেটা না দিয়ে সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। জাতিকে, দেশকে, মিডিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষক ড. আজহার আলী, সিন্ডিকেট সদস্য ড. আমজাদ হোসেন, ফলিত গণিতের অধ্যাপক সামসুল আলম সরকার, অফিস সমিতির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. শামীম হোসেন চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।