সাগরে ট্রলারডুবি: জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ারটেক পয়েন্টে ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি-মাল্লার বিষয়ে তথ্য দিয়েছেন জীবিত উদ্ধার ও আটকদের কয়েকজন।
কুতুবদিয়া থানা পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার এফবি ইদ্রিস নামের ট্রলারটি ডুবে যাওয়ার পর ৪৩ জনকে জীবিত এবং পরদিন ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, জীবিত উদ্ধার হওয়া লোকজনের সঙ্গে কথা বলে ডুবে যাওয়া ট্রলারটির মালিক ও মাঝি-মাল্লাদের সনাক্ত করা গেছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে উদ্ধার হওয়াদের মধ্যে ৬ জনকে আটক দেখানো হয়েছে।
আটকরা ওই ট্রলারের মাঝি-মাল্লা ও মানবপাচারে জড়িত ছিল। এরা সকলে কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে এফবি ইদ্রিস নামের ট্রলারটির মালিক কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আব্দুর রহিম বলে জানা গেছে।
এছাড়া আটক নুর মোহাম্মদ ওই ট্রলারের মাঝি এবং তৈয়ব আলম, রাসেল, ওবাইদুল হক, ইয়াছিন হোসেন ও মো. ইসমাঈল মাঝির সহকারী (খালাসী)।
এরা ট্রলারে মাঝি-মাল্লার কাজের পাশাপাশি মানবপাচারে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, ট্রলার মালিক আব্দুর রহিম মানবপাচারে জড়িত থাকার ব্যাপারে উদ্ধার পরবর্তী আটক লোকজন প্রাথমিকভাবে স্বীকার করলেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিনজেন্ট প্রধান নির্বাহী লে. তারেক মোস্তফা জানান, কোস্ট গার্ডের জাহাজ তৌহিদ ছাড়াও ২টি মেটাল শার্ক বোট উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
ট্রলারডুবির ঘটনায় কুতুবদিয়া থানায় পুলিশ বাদী ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
উদ্ধারকৃতদের মধ্যে ৬ জনকে আটক দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পরে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে।
