নড়াইলে শেষ হলো সুলতান মেলা
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে বুধবার রাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।
মেলায় সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হা-ডু-ডু, ভলিবল, সাইকেলিং, কুস্তি, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, সঙ্গীতানুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, কবিগান, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শহরের সুলতান মঞ্চে গত ২২ জানুয়ারি থেকে শুরু হয় এ মেলা।
হাজারো সুলতান ভক্তদের পদচারনায় সপ্তাহজুড়ে মুখরিত ছিল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর। নারী-পুরুষ, শিশুসহ সকল বয়সী দর্শক আর ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে উৎসব মুখর ছিল মেলা প্রাঙ্গন।
১০ অগাস্ট সুলতানের জন্মদিন হলেও প্রতিবছর শীত মওসুমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলার সমাপনী দিনে চিত্রশিল্পী কালিদাস কর্মকারকে (৭১) এ বছরের সুলতান পদক প্রদান করা হয়।
শিল্পী কালিদাস কর্মকার ১৯৪৬ সালের ১০ জানুয়ারি ফরিদপুরের নিলটুলীতে জন্মগ্রহণ করেন। বাবা হীরালাল কর্মকার ও মা রাধারানী কর্মকার। দেশে-বিদেশে তার নির্বাচিত চিত্র প্রদর্শনীর সংখ্যা ৭১টি।
