চুয়াডাঙ্গায় তেল পাম্পে বোমা হামলা
হরতালে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল হক বিশ্বাসের একটি তেলের পাম্পে বোমা হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলায় কেউ আহত হয়নি।
‘বিশ্বাস ফিলিং স্টেশন’ এর মালিক আসাদুল হক বিশ্বাস জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
আসাদুল হক বিশ্বাস জানান, কে বা কারা তেলের পাম্প লক্ষ্য করে প্রথমে একটি বোমা হামলা করে। বোমাটি বিস্ফোরিত হলেও শব্দ তেমন জোরালো ছিল না।
এরপর পাম্পের শ্রমিকরা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা শ্রমিকদের উদ্দেশে দ্বিতীয় বোমাটি নিক্ষেপ করে। এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর আরেকটি বোমা ফাটিয়ে চলে যায় তারা।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং বোমার আলামত জব্দ করেছেন।
