নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা খুন
নারায়ণগঞ্জ সদরে বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজাম্মান জানান, শনিবার সকালে মাসদাইর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান (৪২) বঙ্গবন্ধু সৈনিক লীগ বৃহত্তর মাসদাইর এলাকার সভাপতি ছিলেন। তিনি মাসদাইর এলাকার মনসুর মহাজনের ছেলে।
মোখলেছুরের শ্যালক রুবেল বলেন, গত সোমবার রাত ৩টার দিকে মাসদাইর এলাকার বাসা থেকে একই এলাকার জামান ও জসিম ডেকে নিয়ে যায় মোখলেছুরকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওসি বলেন, “তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান।
