চট্টগ্রামের কর্ণফুলীতে যুবকের লাশ
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীসংলগ্ন খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মনোহোরখালী খালে পরিত্যক্ত একটি জাহাজের ডেক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী অজ্ঞাত যুবকটি উলঙ্গ অবস্থায় ছিল। শ্যামলা বর্ণের যুবকটি গায়ের গড়ন হালকা পাতলা। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
পুলিশ কর্মকর্তা রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
