২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পাউবো প্রকৌশলীর কার্যালয়ে তালা

পাওনা টাকার দাবিতে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা দিয়েছেন ঠিকাদাররা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে মূল গেইটে তালা ঝুলিয়ে দেন তারা।

পরে বেলা ২টার দিকে প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী চলতি মাসের মধ্যে বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিলে ঠিকাদাররা তালা খুলে দেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াল ব্রিকসের স্বত্ত্বাধিকারী খালিদ হোসেন বলেন, ২১৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জের তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে।

এ প্রকল্পের বেড়িবাঁধ, স্লুইস গেইট, খাল খননসহ ৩০টি প্রকল্পে গোপালগঞ্জের ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করে।

পানি উন্নয়ন বোর্ডের কছে এ প্রকল্পের ঠিকাদারদের প্রায় ৩৫ কোটি টাকা পাওনা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহামুদুল হকের মালিক মাহামুদুল হক মিল্টন বলেন, গত জুলাই থেকে ঠিকাদারদের এ কাজের কোনো বিল দেওয়া হচ্ছে না। কাজ চালিয়ে নিতে ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন।

“আমরা সব টাকা এখানে বিনিয়োগ করে বসে রয়েছি। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় আমরা পাওনা টাকা পাচ্ছি না। কাজে মন্থরগতি শুরু হয়েছে।”

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান কার্যালয়ে তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, গত জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। প্ল্যানিং কমিশন নতুন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থ ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই ঠিকাদারা কাজের পাওনা টাকা পাবেন।