ফেনীতে ট্রাকচাপায় যুবক নিহত
ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে স্টার লাইন বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহজাহান (৩৫) উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, দুপুরে মো. শাহাজাহান পৌরসভা এলাকায় অটোরিকশায় করে ওয়াজ মাহফিলের মাইকিং করতে করতে ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৫-৪১) অটোরিশাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
