২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাস-নৈরাজ্যের’ বিরুদ্ধে চট্টগ্রামে পেশাজীবীদের সমাবেশ

অবরোধ-হরতালের নামে মানুষকে পুড়িয়ে হত্যাসহ সব ‘সন্ত্রাস-নৈরাজ্য’ বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার সমাবেশ থেকে নাশকতা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ।

সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম সমাবেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ বন্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিও জানান বক্তারা।

মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, সংলাপ হতে পারে তবে তা যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের নির্বাচনের বাইরে রেখে কীভাবে নির্বাচন করা যায় তা নিয়ে।

“কোনো গণতান্ত্রিক আন্দোলনের হামলার লক্ষ্যবস্তু সাধারণ মানুষ ছিল না। কিন্তু চলমান কথিত আন্দোলনের করুণ শিকার হচ্ছেন সাধারণ মানুষ।”

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করা এবং উন্নয়ন বাধাগ্রস্ত করাই এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের টার্গেট। তাদের প্রতিরোধ করতে সরকারকে আরও কঠোর হতে হবে।

সমাবেশের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা ও পঙ্গু করা কোনো রাজনীতি নয়, এটা সন্ত্রাস-নৈরাজ্য।

“নিরীহ মানুষ হত্যাকারীদের গ্রেপ্তারে প্রয়োজনে জোরদার অভিযান পরিচালনা করতে হবে।”

পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান।

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক এম নাসিরুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য রণজিত রক্ষিত, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ, অধ্যাপক ইদ্রিস আলী, প্রকৌশলী রূপক চৌধুরী ও যুবনেতা প্রিন্স রুবেল প্রমুখ।