২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশুকে অপহরণ করে খুন

গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের পাঁচ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

নিহত মোস্তফা কামালের (৮) উপজেলার সফিপুর পূর্বপাড়ার বাসিন্দা ও স্থানীয় করনি কম্পোজিট মিলের স্যাম্পল ম্যান জয়নাল আবেদীনের ছেলে।

মোস্তফা স্থানীয় মাউন্ট এভারেস্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

সোমবার গভীর রাতে একই এলাকার জাকির হোসেনের বাড়ির একটি ঘরের সিলিংয়ের উপর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রুবেল হোসেন (২৫), মনসুর আলী মাতব্বর (৫৫), জাহাঙ্গীর আলম (৪০) ও বেবী বেগমকে (৩৫) আটক করেছে র‌্যাব।

মোস্তফার বাবা জয়নাল আবেদীন বলেন, গত ১৪ জানুয়ারি বিকালে মোস্তফা কামালকে চকলেট খাওয়ানোর কথা বলে চাচাত ভাই রুবেল হোসেন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এরপর থেকে মোস্তাফার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় সফিপুর, রাখালিয়াচালসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

“ওইদিন রাতেই অপহরণকারীরা মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি এবং র‌্যাব-১ এর কার্যালয়ে অভিযোগ করি।”

র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে সোমবার রাতে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে রুবেল হোসেনকে আটক করা হয়।

রুবেল ওই এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। জিজ্ঞাসাবাদে করলে রুবেল মোস্তফাকে অপহরণের কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের সিলিংয়ের উপর থেকে মোস্তফার অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

পরে তার তিন সহযোগী মনসুর আলী মাতব্বর (৫৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও বেবীকে (৪০) আটক করা হয়।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাব আটকদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে জয়নাল আবেদীন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।