২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাবা-মেয়ের খুনিদের গ্রেপ্তরের দাবিতে মানববন্ধন-অবরোধ

বাবা-মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে গাজীপুরে সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার মানুষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন ও অবরোধে পোড়াবাড়ী, চান্দনা-চৌরাস্তা ও সালনাসহ আশপাশের প্রায় ২০টি স্কুলের ছাত্রছাত্রী, স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

এদিকে, মঙ্গলবার ভোর রাতে নিহত স্কুলছাত্রীর দাদা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে তাদের পরিবার জানিয়েছে।

প্রায় এক ঘণ্টার মানববন্ধনের পর পোড়াবাড়ি এলাকার বাসিন্দা মো. খালিদ আকন্দের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সিটির ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমানারা বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির মাষ্টার ও সিরাজ উদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, সালনা শাহ সুফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও তার বাবা সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে খুন করেছে দুর্বৃত্তরা।

তারা খুনে সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  মো. মিজানুর রহমান জানান, মানববন্ধনের পর বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ২০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয়দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সাইফুল ইসলামের বড় ছেলে নজরুল ইসলাম জানান, স্থানীয় নুরু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মনির বখাটে ও মাদকসেবী হওয়ায় মনিরের বিয়ের প্রস্তাব তারা পারিবারিকভাবে প্রত্যাখান করেন।

তিনি বলেন, এর জেরেই গত বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মনিরের পাঠানো হামলাকারীরা তাদের বাড়িতে ঢুকে আঁখি ও তার বাবা সাইফুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়।

গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তারকে (১৪) মৃত ঘোষণা করেন এবং সাইফুল ইসলামকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন।

পরে সকাল ১১টার দিকে সাইফুলও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নজরুল ইসলাম আরও জানান, তার বাবা ও বোনের মৃত্যুর পর শোকে মঙ্গলবার ভোররাতে তার দাদা মো. আলাউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এ ঘটনায়  মনিরের বাবা নূরু মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করা করা হয়েছে। মনিরসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।