সেনাবাহিনী নামানোর পরিস্থিতি হয়নি: প্রতিমন্ত্রী
সহিংসতা বন্ধে দেশে সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাব ও বিজিবিই যথেষ্ট।”
নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিএনপি প্রধান খালেদা জিয়া।
গত ১৩ দিন ধরে অবরোধের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ।
জাতিসংঘের পক্ষ থেকেও এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে সব দলের প্রতি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে কিনা- এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যৌথ বাহিনী বলতে যদি সেনাবাহিনী বলেন, আমি বলব- না। প্রশ্নই আসে না। সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”
তার ভাষায় বিএনপি ও শরিকরা ‘আন্দোলনের নামে’ জনগণের ওপর ‘চোরাগোপ্তা হামলা’ চালাচ্ছে।
“আমি বরাবর বলে আসছি। এটা আন্দোলন নয়। এটা চোরাগুপ্তা হামলা। এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করা হচ্ছে। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য করা হচ্ছে।”
সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে কামাল বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী জানমাল ও জননিরাপত্তা রক্ষার জন্য আন্তরিকতা ও বিশ্বস্ততার সাথে কাজ করছে।”
