চট্টগ্রামে জামায়াত কর্মীদের ঢিলে ব্যাংক কর্মকর্তা আহত
অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে জামায়াত-শিবির কর্মীদের ছোড়া ঢিলের আঘাতে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার সকালে বাকলিয়া থানার চামড়া গুদাম এলাকায় এ ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা মজিবুল হককে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেসরকারি ব্যাংক ইউসিবিএলের দোহাজারি শাখার ব্যবস্থাপক মজিবুল সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকা দিয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় ঢিলে আহত হন বলে কোতোয়ালি থানার এসআই একরামউল্লাহ জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকালে চামড়া গুদাম এলাকায় সমবেত হয়ে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় ব্যাংক কর্মকর্তা মজিবুল হক একটি অটোরিকশার সামনের অংশে চালকের পাশে বসে সেখান দিয়ে যাচ্ছিলেন। শিবির কর্মীদের ছোড়া ঢিল মাথায় লেগে তিনি আহত হন।
এরপর স্থানীয় কয়েকজন মজিবুলকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।
