রাজধানীতে বাসের ধাক্কায় এনএসআই কর্মকর্তা নিহত
অবরোধের মধ্যে রাজধানীতে বাসের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনায় নিহত আব্দুস সাত্তার এনএসআইয়ের জ্যেষ্ঠ ফিল্ড অফিসার ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রাস্তা পেরিয়ে প্রেসক্লাবের সামনে যাওয়ার সময় পল্টন মোড় হয়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় সাত্তারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সদরঘাট থেকে গাবতলী রুটে চলাচলকারী (৮ নম্বর) ওই বাস ও তার চালককে আটক করা হয়েছে বলে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল জানিয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তা সাত্তার প্রেসক্লাব এলাকায় দায়িত্ব পালন করতেন বলে জানান তিনি।
