নোয়াখালীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মোর্শেদ আলম পারভেজ (২৫) হাসানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন বলে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জানিয়েছেন।
সোনাইমুড়ি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সোনাপুর ইউনিয়নের তিনতেড়ি নামক স্থানে পারভেজকে গুলি করে হত্যার পর সড়কের পাশে তার লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে রাত পৌনে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে শুক্রবার সকালে সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর মহিলা দাখিল মাদ্রাসার পাশের একটি সুপারি বাগান থেকে সালেহ আহম্মেদ (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সালেহ মানিক্য নগরের আবুল হোসেনের ছেলে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সালেহ আহম্মেদ। সকালে স্থানীয়রা সুপারি বাগানে তার লাশ দেখে থানায় খবর দেয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া বাজারে আবিরপাড়া ও চাটখিলের শিবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আবুল খায়ের আবু, জাহিদ, জসিম ও স্বপন নামে চারজন গুলিবিদ্ধ হন।
এদের মধ্যে গুরুতর অবস্থায় খায়েরকে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
