২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি প্রধানের বক্তব্য আইন পরিপন্থি: বিএনপি

বোমাবাজদের ঠেকাতে অস্ত্র ব্যবহার হবে জানিয়ে বিজিবি প্রধানের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, তার এ ধরনের বক্তব্য ‘আইন পরিপন্থি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বৃহস্পতিবার দলীয় প্যাডে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “বিজিবি মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার যে নির্দেশ আজ দিয়েছেন, তাতে আমরা উদ্বিগ্ন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি- বিজিবি প্রধানের এরকম নির্দেশ প্রদান তার এখতিয়াবহির্ভূত ও বিদ্যমান আইন-পরিপন্থি।”

দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “একজন ব্যক্তি যদি বোমা ফাটায় তাহলে ৫ জন লোক নিহত হতে পারে। এই দৃশ্য কোনো বিজিবির সদস্যের নজরে এলে ওই বোমাবহনকারীকে ক্যাজুয়ালটি করা তার দায়িত্ব।”

তিনি বলেন, বিজিবির সবই ‘লিথাল’ (প্রাণঘাতি) অস্ত্র। বিজিবি সদস্যরা কাউকে গুলি করবে না। তবে কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত স্থায়ী কমিটির বিবৃতিতে বলা হয়, “সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে ক্ষমতাসীনদের অনেকেই চরম উসকানিমূলক হুমকি-ধামকি দিচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা বেআইনি নির্দেশ ও রাজনৈতিক পক্ষপাতমূলক বক্তব্য প্রকাশ্যে দিতে শুরু করেছেন।”

এতে ‘পরিস্থিতির অবনতি ঘটছে’ অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘আইনসম্মত নিরপেক্ষ ভূমিকা’ পালনের আহবান জানিয়েছে বিএনপি।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে লাগাতার অবরোধের মধ্যে প্রতিদিনই গাড়ি পোড়ানো, ভাংচুর ও বোমাবাজি হচ্ছে। গাড়িতে দেওয়া আগুন ও পেট্রোল বোমায় পুড়ে মারা গেছে অন্তত ১১ জন।

আওয়ামী লীগ এসব ঘটনার জন্য বিরোধী জোটকে দায়ী করলেও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বলছে, ‘রাজনৈতিক সংকট থেকে সৃষ্ট চলমান অচলাবস্থাকে’ সরকার ‘আইনশৃঙ্খলার সমস্যা’ হিসেবে প্রচার করছে।

“তারা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে সব কিছু দমিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি ‘শান্তিপূর্ণ’ দাবি করে বিবৃতিতে বলা হয়, “সরকার সুপরিকল্পিতভাবে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। যার সঙ্গে জনগণের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা বলে দিতে চাই, এসবের দায়-দায়িত্ব পুরোপুরি ক্ষমতাসীনদের ওপরই বর্তাবে।

“আমরা মনে করি, বিরোধী দলের ওপর নাশকতার দায় চাপিয়ে দমন-পীড়ন ও হত্যালীলা জোরদার করতেই সরকার সুপরিকল্পিতভাবে ঘৃণ্য নাশকতার ঘটনা ঘটাচ্ছ। আমরা এহেন অপতৎপরতার নিন্দা জানাচ্ছি।”

বিএনপির অভিযোগ, গত ১২ দিন ধরে গুলশানের কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে। এর বিরুদ্ধে ‘জনগণের’ প্রতিবাদ-বিক্ষোভ ও আন্দোলনকে সরকার দমন করার চেষ্টা চালাচ্ছে ‘নিষ্ঠুরভাবে’।

“পুলিশ ও ক্ষমতাসীনদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে গত কয়েকদিনে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকশ। শত শত মিথ্যা মামলা ছাড়াও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেককে কারারুদ্ধ করা হয়েছে।

“কেবল তাই নয়, হত্যার উদ্দেশ্যে মঙ্গলবার দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর গুলি করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের বাসা ও অফিসে বোমা হামলা করা হয়েছে। নারীদের ওপর দৈহিক নির্যাতন চালানো হচ্ছে। পাড়া ও মহল্লায় সন্ত্রাসীদের সংঘবদ্ধ করা হচ্ছে।”

‘জনগণকে সঙ্গে নিয়ে’ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করে সরকারের ‘সকল অপতৎপরতার সমুচিত জবাব’ দেওয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ার করা হয়েছে।