২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ফেরতের দাবি

নীলফামারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন আয়োজন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারী জেলা শাখা।

জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রণজিৎ কুমার রায় অভিযোগ করেন, সম্প্রতি উচ্চ আদালত এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এর চেয়ে আদায় করা অতিরিক্ত অর্থ আগামী ২০ জানুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

অথচ নীলফামারী জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেই নির্দেশ আজও পালন করেনি, যা আদালত অবমাননার সামিল।

অবিলম্বে আদালতের প্রতি সম্মান জানিয়ে অতিরিক্ত অর্থ ফেরত দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ছাত্রমৈত্রী নীলফামারী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মারুফ হোসেন হৃদয়, নাসরিন আক্তার, লিজা আক্তার প্রমুখ।

পরে এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

গত  ৬  জানুয়ারি হাই কোর্ট এক  আদেশে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র বাইরে যে বাড়তি অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে, তা ফেরতের নির্দেশ দিয়েছে।

এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল বলে গণ্য হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।