নাটোরে ট্রাকে আগুন, চালকের টাকা ছিনতাই
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ডাকা হরতালের সকালে নাটোরের বড়াইগ্রামে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চালক ও তার সহকারীকে মারধরের পর ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ও ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আহম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
আহত চালক অজয় কুমার চন্দ্র (৪৫) ও তার সহকারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজয় রাজশাহীর মহনপুর উপজেলার বজরপুর গ্রামের বাসিন্দা। তার সহকারীর পরিচয় জানা যায়নি।
রাতের বেলা সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন তারা।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে ৮/৯ জনের একটি দল ওই এলাকায় মহাসড়কের পাশের একটি করাত কল থেকে গাছের গুড়ি এনে তা রাস্তায় ফেলে ট্রাকটি থামায়।
“তারা চালক অজয় ও তার সহকারীকে নামিয়ে তাদের কাছে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেয় এবং পিটিয়ে নাক-মুখ ফাটিয়ে দেয়। পরে তারা পেট্রোল ছিটিয়ে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।”
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
