ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জে বিজয়ীদের নাম ঘোষণা
মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন নির্মাতাদের প্রতিযোগিতা ‘ফায়ারফক্স অ্যাপ চ্যালেঞ্জ’এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
জিপি হাউসে মঙ্গলবার সন্ধ্যায় ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ ইভেন্টের গালা উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাজ সেবা-জনগণ-সরকার, বিনোদন, গেম, সংবাদ ও গণমাধ্যম, টুল এন্ড ইউটিলিটি এই পাঁচটি বিভাগে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন প্রস্তুত করে বিজয়ী, রানার্সআপ ও একটি বিশেষ পুরস্কারসহ মোট ১৫ জন পুরস্কৃত হন।
পুরস্কার হিসেবে বিজয়ীদেরকে মোট ২৭,৫০০ ডলার (প্রায় ২২ লাখ টাকা) দেওয়া হয়।
সমাজ সেবা-জনগণ-সরকার বিভাগে বিডি ট্রাভেল নামের এ্যাপ্লিকেশন প্রস্তুত করে প্রথম হন রবিন খান। বিনোদন বিভাগে কিড জোন নামের এ্যাপ্লিকেশন প্রস্তুত করে প্রথম হন পরাগ দাশ।
গেইম বিভাগে বাগম্যাশ নামের এ্যাপ্লিকেশনের জন্য মো. জুনায়েদ হাসান, সংবাদ ও গণমাধ্যম বিভাগে চয়েস এ্যাপ্লিকেশনের জন্য ফাহমিদ এবং টুলস এন্ড ইউটিলিটি বিভাগে মাই সালাত তৈরি করে বিজয়ী মফিজুল ইসলাম।
এরা প্রত্যেকেই ৩০০০ ডলার (২ লাখ ৪০ হাজার টাকা প্রায়) পান। রানার আপকে ১৫০০ ডলার (১ লাখ ২০ হাজার টাকা প্রায়) দেওয়া হয়।
এ ছাড়াও আধুনিক ও উদ্ভাবনী কাজের জন্য প্রতিটি বিভাগের একজন করে ডেভলপারকে ১০০০ ডলার (৮০ হাজার টাকা প্রায়) দেওয়া হয়। এর বাইরে ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জে শ্রেষ্ঠ ডেভলপার পাবেন আবাসন, খাদ্য ও প্লেন টিকিটের সুবিধাসহ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মজিলা সদর দপ্তর পরিদর্শনের।
দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন, মোজিলা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (এমসিসি) এই প্রতিযোগিতার আয়োজক।
