তুহিন মালিকের বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্ব ইজতেমাকে নিয়ে ‘কটূক্তি’ করায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহের ১নং আমলী আদালতের বিচারক আহসান হাবিব এই আদেশ দিয়ে আগামী ২৩ মার্চ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন গত শনিবার (১০ জানুয়ারি) মামলাটি দায়ের করেন।
ময়মনসিংহ আদালত পুলিশের পরির্দশক শহীদ শুকরানা জানান, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন তুহিন মালিক।
তুহিন ওই আলোচনা সভায় টংঙ্গীর বিশ্ব ইজতেমাকে তুরাগ পাড়ের পিকনিক বলে মন্তব্য করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ঢাকার একটি আদালতও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মঙ্গলবার।
