২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দোকানির ছুরিতে তরুণ নিহত

রাজধানীর দারুস সালাম থানার প্রথম কলোনিতে তর্কাতর্কির এক পর্যায়ে এক দোকানির ছুরিকআঘাতে এক তরুণ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নিহত মো. শাহীন (১৯) ওই কলোনিতেই থাকতেন, তার গ্রামের বাড়ি ফরিদপুরের উড়লচরের নয়াপাড়ার মধুখালীতে। পিকআপ চালাতেন তিনি।

দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই চায়ের দোকানি সুজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।

শাহীনের মা রোকেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলোনিতে চায়ের দোকানি সুজনের সঙ্গে তার ছেলে শাহীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীনের পেটে ছুরি মেরে পালিয়ে যায় সুজন।

গুরুতর অবস্থায় শাহীনকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“চা দোকানি দোকান ও কলোনিতে তার বাসায় তালা মেরে পালিয়ে গেছে,” বলেন ওসি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে গেণ্ডারিয়া বিআইটি প্লটের কাছে এক টিনশেড ঘরের ওপর থেকে পড়ে মো. আকাশ (১৫) নামে এক কিশোর মারা গেছে।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, দুপুরে আকাশ টিনশেড ঘরের ওপর উঠে। হঠাৎ ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে আনলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আকাশ গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।