চট্টগ্রামের সাত উপজেলায় গ্রেপ্তার ৩১
নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের সাত উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ৩১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।
অবরোধের মধ্যে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন জামায়াত-শিবির ও ১৬ জন বিএনপি কর্মী।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নাঈমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে নাশকতা রোধে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।”
বিএনপির অবরোধ ডাকার পর থেকেই গত প্রায় এক সপ্তাহ ধরেই লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে আসছে।
