২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বঙ্গ সাহিত্য সম্মেলন শুরু ৬ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারির শুরুর দিকে আসামের শিলচর বঙ্গভবনে শুরু হবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৬তম আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

সম্মেলন আয়োজন কমিটির প্রচার বিভাগ সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেব্রুয়ারির  ৬, ৭ ও ৮ তারিখে এই সম্মেলন হবে।

বিশিষ্ট লেখক ও সাহিত্য সমালোচক চিন্ময় গুহ তিনদিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন।

লোকসংস্কৃতি গবেষক জাহিরুল হাসান এবং কৃত্তিবাস পুরস্কারপ্রাপ্ত কবি অংশুমান কর সম্মেলনে উপস্থিত থাকবেন।

এদিকে আসামের বাংলাভাষীদের প্রতিনিধিত্বশীল এই সম্মেলনটি সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে বলে  আয়োজকরা জানিয়েছেন। সক্রিয় ভূমিকা রাখছেন বিভিন্ন জেলা ও আঞ্চলিক সমিতিগুলোও।

বাহান্নর ভাষা আন্দোলনের মতোই ১৯৬০ সালে আসামে বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন গড়ে উঠিছিল।

শিক্ষা ব্যবস্থায় বাংলামাধ্যম চালুর দাবিতে ওই বছর ১১ মে আসামের বরাক উপত্যকায় মিছিল বেরোলে পুলিশের গুলি চালায়। বাংলার মর্যাদা রক্ষায় সেদিন  গুলিতে প্রাণ দিয়েছিলেন ১১ জন।