২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ গ্রেপ্তার হল ছয় ‘ভুয়া গোয়েন্দা’

চট্টগ্রামের বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা ‘গোয়েন্দা পুলিশ’ পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার রাতে তাদের কাছ থেকে একটি রিভলবার, দুটি ওয়্যারলেস সেট একটি হাতকড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত হয়- এমন কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। 

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রাতে শাহ আমানত সেতু এলাকায় টহল পুলিশের হাতে দুজন ধরা পড়ার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকালিয়ার বিভিন্ন এলাকা থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- হুমায়ুন কবির (৪২), মো. ইব্রাহিম খলিল ওরফে জসীম (৩০), ইমরান আলী (৩৬), মো. মনা (২২), মো. শাহাদাৎ হোসেন মুন্না (২০) ও ইমরান হোসেন শওকত (২১)।

এদের মধ্যে জসীম ও হুমায়ুন আগে চট্টগ্রামের হাটহাজারি ও রাঙ্গুনিয়া থানার ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বলে ওসি মহসিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সুজন ও হাসান নামে দুই যুবক বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই ছয়জন পুলিশ পরিচয় দিয়ে তাদের মারধর করে মোবাইল, টাকা পয়সাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরে দুই যুবককে একটি অটোরিকশায় তুলে কালামিয়া বাজারের ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে হাসান কৌশলে পালিয়ে যান।

সেখান থেকে জসীম ও হুমায়ুন একটি মোটর সাইকেলে করে সুজনকে শাহ আমানত সেতু এলাকার দিকে নিয়ে যাওয়ার সময় সুজন রাস্তায় পুলিশ দেখে চিৎকার শুরু করেন।

“এ সময় পুলিশের একটি দল জসীম ও হুমায়ুনকে আটক করে তাদের কাছ থেকে একটি রিভলবার, দুটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া ও একটি ছুরি উদ্ধার করে।”

তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করার পাশাপাশি কালামিয়া বাজার নূর কলোনীর একটি বাসা থেকে ডাকাতি করা বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় বলে ওসি মহসিন জানান।

এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালক ওসমান গণি (৩০) পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।