২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছাল মুজাহিদের আপিল শুনানি

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি আসামিপক্ষের আবেদনে পিছিয়ে গেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 11:53 AM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার এই শুনানি শুরুর কথা থাকলেও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছে।

আসামিপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন আদালতে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী আদালতে নেই। তাদের সময় প্রয়োজন।

এরপর আদালত বিষয়টি ‘নট টুডে’ হিসাবে উল্লেখ করে। এ ধরনের আদেশের পর কোনো মামলার পরবর্তী শুনানি নির্ভর করে কার্যতালিকায় উপর ।

বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের বুধবারের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ছিল। গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ঠিক করে দিয়েছিল।

চার দশক আগে বাঙালির স্বাধীনতার পথ রুদ্ধ করতে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে গত ১৭ জুলাই ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে ১১ অগাস্ট আপিল করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করবে বলে জানিয়েছে।

মুজাহিদের আপিল শুনানির বেঞ্চে অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এই চার বিচারপতির বেঞ্চেই যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের শুনানি হয়েছিল, যার চূড়ান্ত রায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া আরেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় এই চার বিচারকের সঙ্গে বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনও ছিলেন। তিনি আগামী ১৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন।

ওই রায়ে জামায়াতের এই নায়েবে আমিরের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগে আসা যুদ্ধাপরাধের প্রথম মামলার বিচারকদের মধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছিলেন। ওই মামলার চূড়ান্ত রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা কার্যকর করা হয় ২০১৩ সালের ১২ ডিসেম্বর।  

আপিল দায়েরের ক্রম অনুসারে মুজাহিদের আগেই গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলিমের মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে তাদের মৃত্যুর কারণে এগিয়ে আসে মুজাহিদের মামলা।

অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের রায়ে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায়ে বলেন, এ আসামির মৃত্যুদণ্ড দেওয়া না হলে ন্যায়বিচার হবে না।

মুজাহিদ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ ছিল বলেও ওই রায়ে উঠে আসে।

প্রথম অভিযোগে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপরণের পর হত্যা এবং ষষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবীসহ গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হয় এই জামায়াত নেতাকে। একই সাজা হয় সপ্তম অভিযোগে, ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালিয়ে হত্যা-নির্যাতনের ঘটনায়।

এছাড়া পঞ্চম অভিযোগে সুরকার আলতাফ মাহমুদ, গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে শাফি ইমাম রুমি, বদিউজ্জামান, আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মাগফার আহমেদ চৌধুরী আজাদসহ কয়েকজনকে ঢাকার নাখালপাড়ায় পুরনো এমপি হোস্টেলে আটকে রেখে নির্যাতন এবং জালাল ছাড়া বাকিদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার জন্য মুজাহিদকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

আর তৃতীয় অভিযোগে ফরিদপুর শহরের খাবাসপুরের রণজিৎ নাথকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় মুজাহিদকে।

তবে দ্বিতীয় অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসনে হিন্দু গ্রামে গণহত্যা এবং চতুর্থ অভিযোগে আলফাডাঙ্গার আবু ইউসুফ ওরফে পাখিকে আটকে রেখে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেলেও তাতে মুজাহিদের সংশ্লিষ্টতা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে রায়ে উল্লেখ করা হয়। এ দুটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করার পর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১২ সালের ২১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মুজাহিদের যুদ্ধাপরাধের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

পুরনো খবর:

মুজাহিদের আপিল শুনানি শুরু হচ্ছে বুধবার