রূপগঞ্জে বাস উল্টে দুই জনের মৃত্যু
অবরোধের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী।
বুধবার ভোরে উপজেলার গাউছিয়া আমলাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার পরিদর্শক মেহেদী মাসুদ জানান।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে জজ মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জামালপুর জেলার বসুগঞ্জ থানার মালেক চর সরকারপাড়া এলাকায়।
নিহত আরেক যাত্রীর পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
