জুনের মধ্যে গণমাধ্যমকর্মীদের নতুন মজুরি বোর্ড দাবি
সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এই দাবি জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে।
সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, “যেহেতু সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী ও কর্মকর্তা এবং সাংবাদিক-কর্মচারীরা একই সমাজে বসবাস করেন; একই বাজার ব্যবস্থার মধ্যে দিনযাপন করেন, সেহেতু সবার আয়ের মধ্যে একটি সমন্বয় থাকা প্রয়োজন।
“সম্প্রতি সরকারি কর্মকর্তা ও সামরিক বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো ঘোষণার প্রেক্ষিতে দেশের গণমাধ্যমকর্মীদের বর্তমান বেতন-ভাতা পর্যালোচনা করে ভারসাম্য প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে।”
সভায় অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী জুনের মধ্যে সুপারিশ কার্যকর করার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সভায় অনেক সংবাদপত্রে ৮ম ওয়েজ বোর্ডের সুপারিশ কার্যকর না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ওই সকল সংবাদপত্রে সরকারি ক্রোড়পত্র বন্ধ করে মালিক-সম্পাদকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার দাবি জানানো হয়।
পাশাপাশি ওই সব সংবাদপত্রের মালিক-সম্পাদকদের সরকারের কোনো পর্যায়ে সফরসঙ্গী করাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধেরও দাবি করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সভায় শ্রম আইন লঙ্ঘন করে চাকুরিচ্যুতির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করে সভায় বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মন্ত্রীরা এসব হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন। তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা দিতে একটি উপ-কমিটিও করা হয়।
এই উপ-কমিটি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারে সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেবে বলে নিশ্চিত করা হয়।
সভায় মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। সারাদেশের অঞ্চলভিত্তিক গণমাধ্যমচিত্র তুলে ধরেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, বগুড়া, দিনাজপুর ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
