২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বস্তিতে আগুনে শিশুর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের একটি বস্তিতে আগুনে দগ্ধ হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 09:26 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

রোববার বেলা পৌনে ১টার দিকে কাটাসুরের পুলপাড়ের ওই বস্তিতে পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ থেকে ফাতেমা নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক জহিরুল ইসলাম জানিয়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার সোয়া এক ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

নিহত ফাতেমা বস্তির বাসিন্দা অটোরিকশাচালক জয়নালের মেয়ে। তার মা নুরুন্নাহার গৃহিণী।

সকালে ছোট মেয়েকে ঘরে রেখে নুরুন্নাহার বড় মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী জয়নাবকে পাশের জাফরাবাদ সরকারি স্কুলে নিয়ে যান বলে নিহতের ফুপু মুন্নী জানিয়েছেন।

পরে নুরুন্নাহার বস্তিতে ফিরে ঘরে আগুন জ্বলতে দেখেন। আশপাশে খোঁজাখুঁজি করে মেয়েকে আর পাননি।

ওই বস্তিতে ১৯টি বাড়িতে ৫৫১টি পরিবার বাস করত বলে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ হাবিবুর রহমান জানিয়েছেন।

বাড়িগুলোর অধিকাংশই পুড়ে গেছে বলে বস্তি ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানিয়েছেন।

ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইকরামুল হক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ২০ কেজি চাল ও একটি করে কম্বল দেওয়ার কথা বলেছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তবে ওই বস্তি সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা ডেসার সাবেক কর্মকর্তা মতিউর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন আগুন চিৎকার শুনে তিনি বাইরে এসে ধোঁয়া দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

বস্তির চুলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তার।