ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
দিনাজপুরের কাহারোলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজ রহিদুল ইসলাম (৩০) উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে। উপজেলার রামপুর মোড়ে মুদি দোকান রয়েছে তার।
শুক্রবার রাত সাড়ে ১১টায় দোকান থেকে রহিদুলকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার বড়ভাই সাহেদ হোসেন।
তবে গোয়েন্দা পুলিশ রহিদুল নামে কাউকে আটকের কথা অস্বীকার করেছে।
সাহেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহিদুল ও আমি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দোকানের সামনে এসে রহিদুল কার নাম জানতে চায়। রহিদুল নিজের পরিচয় দিলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে।
বিষয়টি রাতেই কাহারোল থানার ওসিকে মৌখিকভাবে এবং শনিবার বেলা ১টায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ দেয়ার সময় থানার ওসি তার সঙ্গে ভালো আচরণ করেননি বলেও অভিযোগ করেন সাহেদ।
কিন্তু কাহারোল থানার ওসি পৃথ্বিশ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা কোন অভিযোগ পাননি।
এদিকে রহিদুল নামে কোন ব্যক্তিকে আটক করেননি এবং আটকের বিষয়ে কোন তথ্য নেই বলে জানিয়েছেন দিনাজপুর ডিবির ওসি রেদওয়ান আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাহারোল থানা পুলিশও এ বিষয়ে আমাদের কিছু জানায়নি।
