রাঙ্গামাটিতে সংঘর্ষ, ১৪৪ ধারা
রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনের বিরোধিতাকারী পাহাড়িদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ সংঘর্ষের পর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সকাল ১০টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় এ সংঘর্ষ হয় বলে কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজ জানান।
পাহাড়িদের হামলায় ওসি নিজেও আহত হয়েছেন। এছাড়া আহত নয় জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- ইব্রাহিম (২৪), আলমগীর (২৭), জহিরুল (২৭), জব্বার হোসেন (৫০), মনির (২১), জামাল হোসেন (২৫), হারুন (২৭), জাকির হোসেন (৩২) ও মো. মানিক (২১)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও রাঙ্গামাটিতে নবনির্মিত ছয়টি এবং অন্যান্য স্থানে সেনা নিয়ন্ত্রিত পাঁচটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
এর বিরোধিতা করে শনিবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে পাহাড়ি ছাত্র পরিষদ।
সকালে তারা কর্মসূচির সমর্থনে সড়কে নামার পর এক পর্যায়ে অবরোধ বিরোধিতাকারী সরকার সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
শান্তিচুক্তির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মেডিকেল কলেজ উদ্বোধন স্থগিত রাখার দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্র পরিষদ।
সংঘর্ষের সময় রাঙ্গামাটিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন রাঙ্গামাটি শহরে দোকানিদের কথায় শনিবার সংঘর্ষ হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল।
“হয়েছেও তাই। সকালে মেডিকেল কলেজ উদ্বোধনের পর আনন্দ মিছিল বেরোলে তাদের সঙ্গে অবরোধকারীদের এই সংঘর্ষ হয়।”
সংঘর্ষের পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালেই ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি হওয়ায় এই চুক্তি বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকারের কাছে পাহাড়িদের প্রত্যাশা রয়েছে বলে মনে করেন তিনি।
পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের স্বার্থে শান্তিচুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এই সমাজবিজ্ঞানী।
আর পাহাড়িদের মেডিকেল কলেজ উদ্বোধনের বিরোধিতা নিয়ে তিনি বলেন, পাহাড়িরা মেডিকেল কলেজের আগে ভালো একটি হাসপাতাল চায়, যাতে সেখানে বসবাসরত পাহাড়ি-বাঙালি সবাই উপকৃত হতে পারে।
