ফরিদপুরে দুর্ঘটনায় ২ মাহেন্দ্র আরোহী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহেন্দ্রর দুই আরোহী নিহত হয়েছেন।
ভাঙ্গা মহাসড়ক থানার ওসি হোসেন সরকার জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ভবুকদিয়া এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা হোসেন জানান, বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস ভবুকদিয়া এলাকায় বিপরীতমুখী ওই মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর দুই আরোহী নিহত হন।
ঘটনার পর টেকেরহাট এলাকা থেকে পুলিশ বাসটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।
