২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইউরোপে শেখ হাসিনার নিবন্ধ

ইউরোপের বনেদী সাময়িকী ‘নিউ ইউরোপে’ বর্ষশুরুর সংখ্যায় লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে ২০১৫ সাল হবে ইতিহাসের মাইল ফলক।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 01:38 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

ইংরেজি এই সাময়িকীটির বর্ষশুরুর বিশেষ সংখ্যায় বাংলাদেশের সরকার প্রধানের পাশাপাশি স্থান পেয়েছে ৭৫ জনের বেশি রাষ্ট্রনেতা, রাজনীতিক, চিন্তাবিদ ও বিশ্লেষকের কলাম।

‘2015 ইজ গোয়িং টুবি এ মাইলস্টোন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি’ শিরোনামে আটশ শব্দের এই লেখায় শেখ হাসিনা বিশ্বকে নিয়ে নিজের আশাবাদী ভাবনার পাশাপাশি বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরেছেন।

বঙ্গবন্ধুকন্যা লিখেছেন, “ভবিষ্যৎ কী হবে, তা বলা একেবারেই যাবে না, এমনটি নয়। ভবিষ্যৎ কী হবে, তা আমরাই ঠিক করে নিতে পারি।”

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন তিনি। 

শেখ হাসিনা বলেন, “আমরা শিখছি আগের অভিজ্ঞতা থেকে এবং ভুল থেকে। অতীত আমাদের দৃঢ় করে তুলেছে।”

২০ বছর আগে প্রতিষ্ঠিত ‘নিউ ইউরোপ’ ইউরোপের প্রভাবশালী রাজনৈতিক সাময়িকী, যেটি মূলত ইউরোপের রাজনীতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে।

বাংলাদেশের রপ্তানি পণ্যের মূল বাজার ইউরোপ হওয়ায় সেই মহাদেশের প্রভাবশালী সাময়িকীতে শেখ হাসিনার লেখা প্রকাশ গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে।

আর এমন এক সময় এই লেখাটি ছাপা হল, যখন ২০১৫ সালের পর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নতুন পর্যায় নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোচনা-বিতর্ক চলছে এবং তাতে বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেখ হাসিনা বলেন, “আমরা এখন যে স্বপ্ন দেখব, ২০১৫ সালের পর চিত্র তাই হবে। আমরা যে সব পদক্ষেপ নেব, তার আঙ্গিকেই দেখব আমাদের পরবর্তী পৃথিবীকে।কথা যদি আমরা কাজে পরিণত করতে পারি, তাহলেই আমরা একটা সমৃদ্ধ ভবিষ্যৎ পাব।”

বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের কাজ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ‘ভিশন ২০২১’ পরিকল্পনার কথাও জানান তিনি।

দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়াই ২০১৫ সালের পর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে সরকারের পদক্ষেপগুলো জানিয়ে নারীর ক্ষমতায়নের চিত্রও তুলে ধরেন তিনি। 

বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতার দায়িত্বে নারীদের থাকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “পশ্চিমা অনেক দেশেও তা ঘটেনি।”

শেখ হাসিনার এই লেখার প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্যও আসছে নিউ ইউরোপের ওয়েবসাইটে।

নারী শিক্ষার প্রসারের প্রশংসা করে একজন মন্তব্য করেছেন, “আশা করছি, তিনি দেশটিতে নারীদের সমঅধিকার পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করবেন।”