মর্যাদাক্রম: নিষ্পত্তির পর ফের শুনানি রোববার
পদমর্যাদাক্রম তালিকায় (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল পুনঃশুনানির জন্য আগামী রোববার দিন রেখেছে আপিল বিভাগ। গত মঙ্গলবার এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছিল।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতি বেঞ্চ এই সময় নির্ধারণ করে।
গত মঙ্গলবার এই মামলাটি নিষ্পত্তির পর আবার পুনঃশুনানির জন্য আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় আসে।
নিষ্পত্তির ওই আদেশে বলা হয়, “আপিল ডিসপোজসড অব উইথ এক্সপাংশন, মোডিফিকেশন, অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস’।
এরপর মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, এই রায়ের ফলে স্পিকার ও প্রধান বিচারপতি একই সমতলে আসছেন। মর্যাদাক্রমের আরও কয়েকটি বিষয় নিয়েও কথা বলেন আইনজীবীরা, যা গণমাধ্যমে আসে।
এ বিষয়ে বৃহস্পতিবার আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য জানতে চাইলে সরকারপক্ষের আইনজীবী আব্দুর রব চৌধুরী ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান দুঃখ প্রকাশ করেন।
এরপর আদালত রোববার পর্যন্ত শুনানি মুলতবি করে।
১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে ওই সময় জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট।
রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আটটি নির্দেশনা দেয়। সে অনুসারে নতুন তালিকা তৈরি করতে সরকারকে ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত তা মঞ্জুর করে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেয়।
