পুলিশ পেটানোর মামলায় ৮ শিবিরকর্মী রিমান্ডে
রাজশাহীতে অস্ত্র কেড়ে পুলিশ পেটানোর মামলায় ইসলামী ছাত্রশিবিরের আট কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে শুনানি শেষে প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মহানগর হাকিমের আদালত-২ এর বিচারক খালেদ হোসেন খান।
এরা হলেন, হলেন, শিবিরকর্মী রবিউল ইসলাম (১৮), মাসুদ রানা (১৮), মোস্তাফিজুর রহমান (১৮), জনি (১৮), রমজান আলী (২৬), সোহেল রানা (২০), শহিদুল ইসলাম (২০) ও নায়ার আলী (২৪)।
জিজ্ঞাসাবাদের জন্য এদের বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন শাহমখদুম থানার ওসি সায়েদুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সন্ধ্যায় তাদের মহানগর হাকিম-২ এর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।শুনানি শেষে বিচারক প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার ওই ঘটনার পর নগরীতে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে রাতে এসআই জাহাঙ্গীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৬০ জামায়াত-শিবিরকর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় এই আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার হরতাল-অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় তারা অস্ত্র কেড়ে নিয়ে তিন পুলিশকে পিটিয়ে জখম করে। তাদের ইটের আঘাতে আরো দুই পুলিশ আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
