২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় মামলা, আসামি কয়েক হাজার

দশম সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিএনপি ও শরিকদের সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি মামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:11 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় পুলিশের করা এসব মামলায় বিএনপি-জামায়াতের কয়েক হাজার কর্মীকে আসামি করা হয়েছে। হত্যা, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এর মধ্যে রাজশাহীর তিনটি মামলায় ৭-৮ হাজার এবং চাঁপাইনবাবগঞ্জের দুটি মামলায় তিন হাজার নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী

জেলার পুঠিয়ার বানেশ্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে করা হয়েছে আরেকটি মামলা।

সোমবার বিকালে বানেশ্বর বাজার এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মজির উদ্দিন নামের এক বিএনপি কর্মী নিহত হন। এ সময় ১৩ পুলিশ সদস্যসহ আরও অন্তত ৩০ জন আহত হন।

ওই ঘটনায় পুঠিয়া থানার এসআই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন।

এছাড়া একই ঘটনায় এসআই আসাদুজ্জামান বিস্ফোরক দ্রব্য আইনে এবং এসআই ডেভিড হেমাদ্রি পুলিশের ওপর হামলার অভিযোগে আরো দুটি মামলা দায়ের করেছেন।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির জানান, মজির উদ্দিন কার গুলিতে মারা গেছেন, তা  কেউ বলতে পারেনি। এ জন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের পাওয়া যাবে তাদের নামে অভিযোগপত্র দেওয়া হবে।

এদিকে সোমবার সকালে রাজশাহী মহানগরীর উপশহরে আওয়ামী লীগের উত্তরাঞ্চলীয় শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দুইটি মোটরসাইকেল ও একটি টেলিভিশনসহ কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়।

ওই ঘটনায় মঙ্গলবার সকালে বোয়ালিয়া মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন থানা (পশ্চিম) আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন। এতে বিএনপি-জামায়াতের  ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও অর্ধশত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বোয়ালিয়ার ওসি খন্দকার নূর হোসেন জানান, মামলায় আটক আবদুর রশীদ দেওয়ান নামের এক জামায়াত কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ

জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে সোমবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে পুলিশের কাজে বাধা ও হামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে।

শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম জানান, একটি মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩ হাজার বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করেছেন এসআই আব্দুস সবুর।

এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে এসআই হাফিজুর রহমানের করা মামলায় একই সংখ্যক অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন। এ মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৫১ জনের।

চট্টগ্রাম

কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,  জেলা উত্তর শাখার আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক এনামসহ অন্তত ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আসলাম চৌধুরী ও এনামুল হক এনামসহ ২৬০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে চকবাজার থানার জামায়াত-শিবিরের অজ্ঞাত ১৫০-২০০ নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানান থানার ওসি আতিক আহমেদ চৌধুরী।

সোমবার বিকালে চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, “চকবাজার এলাকায় সংঘর্ষে জড়িতরা কোতোয়ালি এলাকায়ও সংঘর্ষে জড়ায়। সেখানে অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। কোতোয়ালি থানায় গ্রেপ্তারদের মধ্যে চকবাজার এলাকায় সংঘর্ষে জড়িত কেউ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।” 

সোমবার চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের পর সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের আশপাশে অভিযান চালিয়ে আড়াই শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এর আগে বিকাল পৌনে চারটার দিকে নগরীর কাজীরদেউড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতৃত্বে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসহ সংলগ্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় সরকারবিরোধীরা কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং বিজয় মেলার কয়েকটি দোকানের কাঠামো পুড়িয়ে দেয়।

এছাড়া লালখান বাজার, ওয়াসা ও চট্টেশ্বরী মোড়ে বেশ কিছু যানবাহন ও বিভিন্ন স্থাপনার কাচ ভাংচুর করা হয়। সন্ধ্যার দিকে সমাবেশ মঞ্চ হিসেবে ব্যবহৃত দুটি ট্রাকের নিচ থেকে আটটি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহ

সোমবার দুপুরে শৈলকুপার শেখপাড়ায় বিএনপি-জামায়াতের মিছিল থেকে হামলা চালিয়ে তিন পুলিশকে আহত করার ঘটনায় রাতেই দুই দলের সাড়ে তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, এসআই আব্দুর রউফের করা মামলায় নাম রয়েছে ৭০ জনের, যাদের মধ্যে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ

সোমবার রাতে শহরের জেলাস্কুল রোডে পেট্রোলবোমা মারার ঘটনায় বিএনপি-জামায়াতের ৫৯ জনসহ আট শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে।

ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে বলে জানিয়েছেন থানার ওসি ফজলুল করিম।

দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় আহত অটোরিকশা চালক ছিদ্দিকুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া

শহরের টিএরোডসহ বিভিন্নস্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩৮ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার শহর বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ জেলা বিএনপির ৮ নেতাকে আটকের পর এ দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ ৩০ জনের নাম উলে¬খ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন কুষ্টিয়া মডেল থানার এএসআই রমজান।

সদর থানার ওসি আব্দুল খালেক জানান, মামলার পর পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছে।

এছাড়া নাশকতার আশঙ্কায় কুমারখালী থানা পুলিশ আরও একজনকে আটক করেছে।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনায় তিন থানায় বিএনপির ১৬১ নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা হয়েছে।

সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে করা এ মামলাগুলোয় অজ্ঞাত পরিচয়ের আরও ৬৭৫ জনকেও আসামি করা হয়।

মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর থানায় একটি, বন্দর থানায় দুইটি ও সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়।  

সোমবার নারায়ণগঞ্জের তিনটি স্থানে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ অন্তত অর্ধশত আহত হন। বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পাবনা

পাবনা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই নাজমুল হোসেন মঙ্গলবার সকালে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামান খান মন্টু, সদর থানা বিএনপি সভাপতি এ কে এম মুসা, সহ-সভাপতি বাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদসহ ৫৫ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাত পরিচয় আরো দেড় থেকে দুইশ’ জনকে আসামি করা হয়েছে।

মামলা হওয়ার পর এজহারভুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

চাঁদপুর

চাঁদপুরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় এক হাজার তিনশ’ নেতা-কর্মীর বিরুদ্ধে আটটি মামলা করেছে পুলিশ।

পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার রাতে চাঁদপুর সদর, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।

এর মধ্যে চাঁদপুর সদরে চারটি, ফরিদগঞ্জে দুটি, কচুয়ায় ও হাজীগঞ্জে একটি করে মামলা হয়েছে।

মামলায় বিএনপির ২৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরো  ১২ থেকে ১৩শ’ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর রাতেই বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম ও কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে সোমবারের সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৩৭ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে।

এর মধ্যে একটি পুলিশ বাদী হয়ে এবং আরেকটি যুবলীগের এক নেতা বাদী হয়ে করেছেন।

পুলিশের উপর হামলার অভিযোগে রায়পুর থানার এসআই সিরাজ বাদী হয়ে করা মামলায় বিএনপি নেতা ও ৮ নম্বর চরবংশী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদারসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগ কর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টাসহ মিছিলে হামলার অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনকে আসামি  স্থানীয় যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান রাসেল বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মামলার পর মঙ্গলবার বিএনপি নেতা হারুন, যুবদল কর্মী রুবেল ও সুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আওয়ামী লীগের আনন্দ মিছিলে  হামলা, অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ সোমবার রাতে বিস্ফোরক আইনে একটি মামলা করেছে, যাতে শতাধিক বিএনপি নেতকর্মীকে আসামি করা হয়েছে।

এছাড়া ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. সোহেলকে  গুলি করে হত্যার অভিযোগে অন্য মামলাটি করেছেন স্থানীয় ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার।

এ মামলাতেও শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ভোলা

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৪৫০/৫০০ বিএনপি নেতা-কর্মী আসামি করে মামলা করেছে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সন্ত্রাস দমন অধ্যাদেশ ও বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে এ মামলা করেন।

মামলায় ভোলা জেলা যুবদল সহ-সভাপতি কবির হোসেন ও তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, সহ-সভাপতি মনির রাড়ী, ভোলা পৌরসভার  কাউন্সিলর বিএনপি নেতা বশির হাওলাদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক নেজামুল আলম জেহাদ, কেন্দ্রীয় যুব দলের নির্বাহী সদস্য আব্দুল কাদের সেলিমসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

সোমবার ভোলায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে তিন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

ওই ঘটনায় পুলিশ বিএনপি-জামাতের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।

হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলের মিরপুরে বিএনপি-পুলিশ আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ  এবং অজ্ঞাত পরিচয়ের আরও তিনশ’ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বাহুবল মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বসু পুলিশের ওপর হামলা এবং এসআই মাসুম দ্রুত বিচার আইনে মামলা দুটি দায়ের করে।

এ ঘটনায় দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল প্রতিনিধিসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকালে ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে পুলিশ ব্যবসায়ীসহ ৫০ জন আহত হন।