২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বিচারকের গাড়ি আক্রান্ত, কনস্টেবল আহত

বিএনপি সমর্থক আইনজীবীদের হামলায় সুপ্রিম কোর্টে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন, আক্রান্ত হয়েছে এক বিচারকের গাড়িও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার বেলা ১২টায় কালো পতাকা নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্টে মিছিল বের করে। মিছিলে বাঁশ ও লাঠিকে পতাকার স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে দেখা যায়।

মিছিলটি সুপ্রিম কোর্টের মাজার ফটক ঘুরে বার ভবনের সামনের দিকে যেতে চাইলে পুলিশ তা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মিছিল  থেকে হামলা চালানো হলে ওই পুলিশ সদস্য আহত হয়।

সুপ্রিম কোর্টের মূল ভবন ও অ্যানেক্স ভবনে সংযোগস্থলে ওই ফটকের অবস্থান।

অবশ্য ঘটনায় জড়িতরা বহিরাগত বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি দাবি করেন, হামলায় সাইদুর রহমান যতন নামে এক আইনজীবীও আহত হয়েছেন।

খন্দকার মাহবুব বলেন, “শান্তিপূর্ণভাবে সাংবিধানিক অধিকার রক্ষায় আমরা বের হতে চেয়েছি। কিন্তু কয়েকজন বহিরাগত ব্যক্তি আমাদের মিছিলে যোগ দিয়েছে। মিছিলের তরফ থেকে উশৃঙ্খল আচরণ করেছে। তাতে আমাদের কয়েকজন আইনজীবী আহত হয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ নয়, কথা কাটাকাটি হয়েছে জানিয়ে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে বিডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার জানিয়েছেন, বিকালের দিকে হাই কোর্টের সামনে হাতবোমার বিস্ফোরণকে কেন্দ্র করে সরকার সমর্থক ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়। 

তিনি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কদম ফোয়ারার কাছে একটি বোমার বিস্ফোরণ হলে হাই কোর্টের ফটকের ভেতর থেকে অঅইনজীবীরা বাইরে থাকা সরকার সমর্থকদের লক্ষ্য ঢিল ছোড়ে। জবাবে বাইরে থেকেও তাদের দিকে ঢিল ছোড়া হয়।

ফটক খোলা, তবুও…

দুপুরে ফটকে ‘তালা’ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও সেখানে কোনো তালা দেখা যায়নি। পুলিশ রশি দিয়ে ফটকটি (মাজার গেট)  আটকে রেখেছিল। আইনজীবীরা ধাক্কাধাক্কি করতেই তা খুলে যায়।

তবে তারা ওই ফটক দিয়ে বের না হয়ে মূল ফটকে চলে আসেন।

সেখানে ঘণ্টাখানেক সময় অবস্থান করে পরে বেলা ২টার কিছুক্ষণ আগে বিএনপি আইনজীবীরা বিচারপতি মোস্তফা কামালের জানাজায় অংশ নিতে চলে যান।

ফটক খোলা পেয়েও বের না হওয়া সম্পর্কে খন্দকার মাহবুব বলেন, “আমরা জোর করে গেট (মাজার গেট) খুলেছিলাম। পুলিশ সেখানে বাধা দেয় নাই। পুলিশ লক্ষ্য করছিল, ছাত্রলীগ বা বহিরাগত সন্ত্রাসীরা রাস্তার ওপারে লাঠি অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল।

“আইনজীবীরা বের হলেই তাদের সেখানে রক্তাক্ত করা হতো। সে কারণে পুলিশ আমাদেরকে বাইরে যেতে না দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।”