২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডিএস আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৫’ এর খসড়া অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান। এটি স্বাধীনভাবে গবেষণাকাজ ও প্রকাশনা করে থাকে।

“১৯৫৭ সালে একটি আইনের বলে এটির যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৯৭৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যাক্ট নামে নতুন আইন প্রণয়ন করা হয়। এর সংশোধন হয় ১৯৮৪ সালে সামরিক শাসনামলে।

“সিদ্ধান্ত অনুযায়ী সামরিক শাসনামলের সংশোধিত অংশটুকু বাংলায় করার কথা থাকলেও পুরো আইনটিই বাংলায় করা হয়েছে। এতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, আগের মতোই আছে।”

মোশাররাফ হোসাইন জানান, বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ, অনুন্নয়নের কারণ, দেশের আর্থ-সামাজিক নীতি সম্পর্কে গবেষণা ও প্রকাশনা করা করে থাকে এ প্রতিষ্ঠান।

সংবিধিবদ্ধ এই প্রতিষ্ঠানটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, যাতে সভাপতি পরিকল্পনামন্ত্রী ছাড়াও ১৩ জন সদস্য থাকেন।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হচ্ছেন মহাপরিচালক। এতে ট্রাস্টি বোর্ড ছাড়াও নীতি সমন্বয়ক, প্রশাসন ও অর্থবিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে।