২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল, সিলেটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণার পর বরিশাল ও সিলেট শহরে সব ধরনের সভা সমাবেশের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বরিশাল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সোমবার সকালে শহরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এবং অদূরে টাউন হল মাঠে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান, প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি রাজনৈতিক দল সমাবেশ করার ঘোষণা দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৫ জানুয়ারিকে ঘিরে নাশকতার আশঙ্কা থেকে সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট মহানগরীতে সব ধরণের সভা-সমাবেশ, গণজমায়েত ও গোলাবারুদ বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার সকালে শহরের কোর্ট পয়েন্টে জেলা আওয়ামী লীগ এবং রংমহল এলাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।