২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ছাড়ছে না ঢাকামুখী বাস

পর্যাপ্ত যাত্রী নেই দাবি করে ঢাকাগামী টিকেট বিক্রি বন্ধ করে দিয়েছে চট্টগ্রামের বাস কাউন্টারগুলো। আবার যাত্রীরা টিকিট চেয়েও পাচ্ছে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 06:43 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

৫ জানুয়ারি নিয়ে ঢাকায় রাজনৈতিক উত্তাপের মধ্যে আগের দিন রোববার বেলা ১টার পর থেকে বন্দর নগরীর বাস কাউন্টারগুলোতে এই চিত্র দেখা গেছে।

সকালের দিকে ঢাকামুখী বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলেও বেলা ১টার পর থেকে ছেড়ে যাওয়া গাড়ির সংখ্যা কমতে শুরু করে। ২টার পর প্রধান বাস কাউন্টারগুলো থেকে আর কোনো বাস ছেড়ে যায়নি।

বিভিন্ন বাস সার্ভিসের টিকেট বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সংখ্যক যাত্রী না থাকায় বাস ছাড়া সম্ভব হচ্ছে না।

কিন্তু সরেজমিন নগরীর দামপাড়া বাস কাউন্টারে বেলা ১টা থেকে কয়েক ঘণ্টা অবস্থান করে ভিন্ন চিত্রও দেখা গেছে।

‘রাজনৈতিক অস্থিরতা’ হতে পারে এমন আশঙ্কায় কিছু যাত্রীকে টিকেট ফেরত দিতে দেখা গেছে। আবার অনেক যাত্রী ঢাকায় ফিরতে টিকেট কিনতে চাইলেও কাউন্টারগুলো থেকে বিক্রি হয়নি, যদিও আগেই বলা হচ্ছিল যে যাত্রী নেই।

কয়েকটি কাউন্টারের বিক্রেতারা রাতের দিকে যাত্রীদের যোগাযোগ করতে বলেন। তবে সরকারি বিআরটিসি বাসের টিকেট বিক্রি হয়েছে অন্য দিনের মতোই।

চট্টগ্রামে ঢাকামুখী বাসের সবচেয়ে বড় কাউন্টার গরিবুল্লাহ শাহ মাজার এলাকার সৌদিয়া পরিবহন, এস আলম পরিবহন, হানিফ পরিবহন, টিআর ট্রাভেলস, সোহাগ পরিবহন, কেয়া পরিবহন, রিল্যাক্স পরিবহন, শ্যামলী পরিবহন, বাগদাদ এক্সপ্রেস ও ইউনিক পরিবহন ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

কেয়া পরিবহনের টিকেট ইনচার্জ নাম প্রকাশ না করার শর্তে বলেন, যারা টিকেট ফেরত দিতে চাইছেন তা নেওয়া হচ্ছে। রাত ১২টার পর গাড়ি চলার সম্ভাবনা রয়েছে।

“সকাল থেকে ঢাকায় গন্ডগোলের খবর পেয়ে দুপুর থেকে যাত্রীরা টিকিট ফেরত দিচ্ছেন। কম যাত্রী নিয়ে গাড়ি ছাড়া তো সম্ভব না।”

সেখানকার একাধিক কাউন্টারের বিক্রেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকেট বিক্রি না করতে বলা হয়েছে। তবে কারা নিষেধ করেছেন সে বিষয়ে কেউ কিছু বলতে রাজি নন।

চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী না থাকলে কিভাবে বাস ছাড়ব। টিকেট আছে, পর্যাপ্ত যাত্রী থাকলে যে কোনো সময় বাস ছাড়বে।”

যাত্রীরা টিকেট চাইলেও দেওয়া হচ্ছে না বলে জানানো হলে তিনি বলেন, “সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলাদুন্নবীর বন্ধ ‍থাকায় দিনের বেলায় কেউ ঢাকায় যাচ্ছে না। হয়ত রাতে যাবে।”

বাস মালিক আর কাউন্টারের লোকজন যাত্রী না পেলেও টিকেট কিনতে এসে খালি হাতে ফিরেছেন ‍হালিমা আক্তার।

হালিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য তিনি টিকেট কিনতে এসেছিলেন শ্যামলী পরিবহনের কাউন্টারে।

“কিন্তু কাউন্টার থেকে বলা হল, কোনো টিকেট নাই।”

অসুস্থ বাবাকে ঢাকায় চিকিৎসক দেখাতে দুপুর ২টায় বাসের দুটি টিকেট কিনেছিলেন হাবিব ইকবাল। তাকে বলা হয়েছে যে বাস ছাড়বে না।

“টিকিট ফেরত দিয়েছে। কিন্তু কখন গাড়ি ছাড়বে, সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না।”