হাজি সেলিমের সালিশে হামলায় নিহত ১
৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক ডামাডোলের মধ্যে পুরান ঢাকায় সালিশে বোমাহামলায় নিহত হয়েছেন একজন।
সোমবার বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে রোববার বিকালে লালবাগ কেল্লার কাছে ইসলামবাগ ঈদগাহ মাঠে হামলায় নিহত ইদ্রিস মিয়া কৃষক লীগের কর্মী।
স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের উপস্থিতিতে সালিশে ওই হামলাটি যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দ্বন্দ্বের কারণে ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
ছাত্রলীগের স্থানীয় এক নেতার বাসায় একাধিকবার হামলার ঘটনা নিয়ে ময়দানে ওই সালিশ চলছিল, যাতে হাজার খানেক মানুষ উপস্থিত ছিল বলে স্থানীয়রা জানায়।
হাজি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালিশ বানচাল করার জন্যই প্রতিপক্ষ গ্রুপ এই হামলা চালায়।”
এলাকার আধিপত্য নিয়ে এই দুই পক্ষের দ্বন্দ্বে চার দিন আগে সেলিমের ওপর জাফরের অনুসারীরা হামলা চালিয়েছিল বলে চকবাজার থানার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় সংসদ সদস্য হাজি সেলিম মীমাংসার উদ্যোগ নেন।
প্রথমে হাজি সেলিমের কার্যালয়ে (মদিনা টাওয়ার) বসার উদ্যোগ নিলেও জাফরের আপত্তির কারণে ইসলামবাগ ঈদগাহ মাঠে প্যান্ডেল টানিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হয়।
সালিশের সময় দুইপক্ষের লোকজন থাকলেও ঘটনার পর জাফর পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানান চকবাজার থানার ওসি আজিজুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনায় যারাই জড়িত থাকুক, পুলিশ কাউকে ছাড় দেবে না।”
তারা হলেন- মনির হোসেন (৩৫), মুজিবুর রহমান (৪০), মোসলেম উদ্দিন (৩০), নুরুজ্জামান (৩০), মো. নিজাম (৩১)।
আহতরা সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে হাজি সেলিম জানান।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মফিজউদ্দিন আহমেদ।
তবে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দাবি, তারা ঘটনাস্থল থেকে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
এ বিষয়ে উপকমিশনার মফিজ বলেন, “তা যাচাই-বাছাই করে দেখা হবে।”
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন সোমবার বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেওয়ায় উত্তেজনার মধ্যে রোববার ঢাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যেই পুরান ঢাকায় ওই সালিশে হামলা হল।
