গাজীপুরে লেগুনাচাপায় শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে লেগুনাচাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন, আহত হন লেগুনার চালকসহ তিন জন।
শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
নিহত বিল্লাল হোসেন মোল্লা (২০) সিরাজগঞ্জের বাউগান গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে এবং স্থানীয় নয়নপুর এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক।
আহত লেগুনা চালক মো. হাবিবুর রহমান (২৫), আনোয়ারা বেগম (২৬) ও তামান্না বেগমকে (২২) স্থানীয় আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজ শেষে বিল্লাল কারখানা থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। নয়নপুর পৌঁছলে শ্রীপুরের জৈনা এলাকাগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লালকে চাপা দেয়।
একই সময় সামনে থাকা বাইসাইকেল ও একটি পান দোকানকে ধাক্কা দিয়ে লেগুনাটি মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে লেগুনাটির চালক ও দুই পথচারী আহত হয়।
পরে এলাকাবাসী গুরুতর আহত বিল্লালকে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত লেগুনাটি থানায় বয়েছে এবং বিল্লালের লাশ কারখানা কর্তৃপক্ষের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
