পথে নামুন, ষড়যন্ত্র হচ্ছে: ইমরান
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সবোর্চ্চ শাস্তির রায় কার্যকরে ‘৫ ফেব্রুয়ারির’ মতো আবারো ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪টা থেকে চার ঘণ্টা ‘গণ অবস্থান’ কর্মসূচি চলাকালে তিনি এ আহ্বান জানান।
ইমরান এইচ সরকার বলেন, “কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা থাকলেও দুই মাসের বেশি সময় ধরে তার রায় ঝুলিয়ে রাখা হয়েছে।”
গত ৩ নভেম্বর সর্বোচ্চ আদালত চূড়ান্ত রায়ে একাত্তরে আল বদরের ময়মনসিংহ জেলা শাখা প্রধান মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাজা বহাল রাখায় ঘোষণা দেয়।
এর আগে কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইমরান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও দূতাবাস কামারুজ্জামানের পক্ষে ‘সাফাই গাওয়ায়’ রায়ের বিরুদ্ধে কোন রিভিউ পিটিশনের সুযোগ না থাকলেও রিভিউ করার সুযোগ দেওয়া হয়েছে।
সরকারকে কামারুজ্জামানের রায় কাযকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কামারুজ্জামানের রায় নিয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে তার রায় কার্যকর করতে হবে, কেউ তাকে রক্ষা করতে চাইলেও পারবে না।”
যুদ্ধাপরাধীদের রায় এবং রায় কার্যকরে প্রয়োজনে জাগরণ মঞ্চ কর্মীরা সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা শাহবাগে গণ অবস্থান করবে বলে জানান ইমরান।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তার ফাঁসির দাবিতে ছাত্র-জনতার অংশগ্রহণে গড়ে উঠে শাহবাগের আন্দোলন।
তাদের আন্দোলনের মুখেই আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষেরও আপিল করার সুযোগ তৈরি হয়।
পরবর্তীতে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ডিসেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়।
