গাবতলীতে বাসে পেট্রোল বোমা
জামায়াতের হরতালের মধ্যে ঢাকার গাবতলী বাস টার্মিনালের সামনে একটি বাসে পেট্রোল বোমা ছুড়েছে হরতালকারীরা, ফাটিয়েছে কয়েকটি হাতবোমা।
দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার পর টার্মিনালের সামনে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রাখা একটি আট নম্বর খালি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়।
গাড়ির কাচ ভেঙে সেটি ভেতরে ঢুকে গেলেও আগুন বেশি ছড়াতে পারেনি বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিবিরকর্মী ঝটিকা মিছিল নিয়ে এসে এ হামলা চালায়।
ওসি বলেন, “পেট্রোল বোমা ছোড়ার পর হরতালকারীরা পাঁচ ছয়টি হাতবোমাও ফাটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।”
পরে রাস্তার উল্টো দিকে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরো তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার এই হরতাল করছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি।
