‘জালিয়াতদের’ পার পেয়ে যাওয়ার বছর
প্রশাসনের ‘কলকাঠি’ যাদের হাতে, যারা নিয়ন্ত্রণ করেন প্রশাসনিক কর্মযজ্ঞ, তাদেরই কয়েক জন সচিবের মুক্তিযুদ্ধ সনদ জালিয়াতি আর পার পেয়ে যাওয়ার মতো ঘটনা জন্ম দিয়েছে বিদায়ী ২০১৪ সাল।
ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বেশ, সরকারকে মুখোমুখি হতে হয় বিস্তর সমালোচনার। দুর্নীতি দমন কমিশনের তদন্তেও ধরা পড়ে বিষয়টি। যদিও ‘ব্যবস্থার’ দেখা মেলেনি বছরঘুরে।
প্রথম শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময়ই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার বিধান রয়েছে।
স্বাস্থ্য সচিব মো. নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব) মোল্লা ওয়াহিদুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কাশেম তালুকদার চাকরির শেষ সময়ে এসে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে এই আলোচনা-সমালোচনার জন্ম দেন।
এরপর গত ৮ সেপ্টেম্বর তাদের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন। সুপারিশের দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নতুন আলোচনার জন্ম দেন জালিয়াত সচিব মো. নিয়াজ উদ্দিন মিয়া।
অভিযোগ রয়েছে, এই জালিয়াত সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং স্বেচ্ছাবসরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সচিবদের মধ্যে নিয়াজ উদ্দিন এবং আমির হোসেন গত ৬ অক্টোবর স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পান, আর আবুল কাশেমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ৯ নভেম্বর।
এরপর ৩০ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান মাসুদ সিদ্দিকীও।
শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, শুধু জালিয়াত নয়, ওই জালিয়াতির সঙ্গে জড়িতদেরও খুঁজে বের করে ব্যবস্থা নেবেন তারা।
বছর শেষে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সঙ্গে। অবশ্য কথা না বলাকেই ‘শ্রেয়তর’ মনে করে ‘চুপ’ থেকেছেন তিনি।
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সনদ জালিয়াতি করা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণ সরকারি কমর্মচারী বিধি অনুযায়ী কেউ অবসরে যাওয়ার পর তার বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় না।”
শুধু আর্থিক জালিয়াতি থাকলে অবসরের পরও বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় বলে জানান তিনি।
বছরের আরেকটি আলোচিত ঘটনা গত ৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক।
ওই ঘটনায় কয়েক বছর ধরে ওএসডি থাকা যুগ্ম-সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
এছাড়া মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ কেলেঙ্কারির ঘটনাও ছিল ২০১৪ সালের আলোচিত ঘটনার অন্যতম।
একটি জাতীয় দৈনিকে গত ৬ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বেরিয়ে আসে ক্রেস্টে ‘স্বর্ণ কারসাজি’।
ওই প্রতিবেদনে বলা হয়, সম্মাননা ক্রেস্টে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম শুধু স্বর্ণই দেওয়া হয়নি, রুপার পরিবর্তে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
ঘটনার তদন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, একই মন্ত্রণালয়ের সাবেক দুই সচিব মিজানুর রহমান ও কে এইচ মাসুদ সিদ্দিকীসহ ১৩ কর্মকর্তা এবং ক্রেস্ট সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের কাঁধে দায় চাপে।
পরে ওএসডি করা হয় মন্ত্রণালয়ের সচিব মাসুদ সিদ্দিকী ও যুগ্ম-সচিব আবুল কাশেম তালুকদারকে।
ইতোমধ্যে বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
