সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩
সিরাজগঞ্জ সদরে হরতালের মধ্যে দ্রুতগতির একটি ট্রাক পুলিশের পিকআপ ও থেমে থাকা একটি বাসে ধাক্কা দিলে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সড়কের এ দুর্ঘটনায় দুই পুলিশসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পুলিশ লাইনের কর্তব্যরত কনস্টেবল আব্দুল বাছেদ (২৯) ও পিকআপ ভ্যান চালক মতিউর রহমানের ছেলে মফিজুর রহমান (৭) ও বাসের চালক জাহিদ হাসান (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি হাবিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী খালেক এন্টারপ্রাইজের একটি বাস বিকল হলে ওই সড়কে রেখে মেরামত করা হচ্ছিল। ওই বাসকে নিরাপত্তা দিতে ভাড়া করা একটি পিকআপ ভ্যান নিয়ে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান নেন।
এ দুর্ঘটনায় পিকআপে থাকা পুলিশ সদস্যসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
আহত এসআই জিন্নাহ ও সুবেদার মনিরুল ইসলামসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
